×
Logo

আন্তর্জাতিক

সৌদি আরবের জিজান তেল শোধনাগারে হামলার দাবি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

সৌদি আরবের জিজান তেল শোধনাগারে হামলার দাবি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

হুতিদের সশস্ত্র শাখা এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি ড্রোনের মাধ্যমে জিজানের ওই স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। সৌদি আরবের ড্রোনের আকাশসীমা অতিক্রমের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এর আগে, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, রোববার (৯ আগস্ট) ভোরের দিকে জিজান তেল শোধনাগারে আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জিজান সৌদি আরবের দক্ষিণাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত। ইয়েমেন সীমান্তের কাছাকাছি হওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইয়েমেনের সংঘাতের প্রভাবের মুখে রয়েছে।

হুতিরা ইয়েমেনে সক্রিয় একটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলোতে এর আগেও বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটেছে।

/এআই

Logo