জেরুজালেম পোস্টের প্রতিবেদন
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডার কমে যাওয়ার তথ্য ফাঁসে হতাশ ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম
ইরানের সঙ্গে চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত কমে যাওয়ায় ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
শুক্রবার (৭ আগস্ট) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অস্ত্রভাণ্ডারে গুরুত্বপূর্ণ কিছু গোলাবারুদের মজুত কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসায় ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তার আশঙ্কা, এ ধরনের তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে মনে হতে পারে। অথচ ইরানের ওপর আরও সামরিক চাপ প্রয়োগ করে দেশটিকে একটি চুক্তিতে রাজি করানোর হুমকি দিয়ে আসছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে, ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি তোলেন ট্রাম্প। গণমাধ্যমে মার্কিন অস্ত্রভাণ্ডারে মজুত কমে যাওয়ার খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হওয়ায় বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সম্ভাব্য সংকটের বিষয়টি ট্রাম্প কয়েক মাস ধরেই জানতেন বলে জানিয়েছে সিএনএন। অর্থাৎ, তার ক্ষোভের মূল কারণ অস্ত্রের মজুত কমে যাওয়া নয়; বরং বিষয়টি প্রকাশ্যে আসার সময় এবং এ নিয়ে জনসমক্ষে ক্রমবর্ধমান আলোচনা।
এদিকে, বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় ভোরে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন অস্ত্রভাণ্ডার নিয়ে আত্মপক্ষ সমর্থন করেন ট্রাম্প।
তিনি দাবি করেন, বিশেষ করে কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রসহ যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী আরও বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অস্ত্র কারখানা ও উৎপাদনকেন্দ্র তৈরি করছে প্রতিরক্ষা কোম্পানিগুলো।
তবে একই বক্তব্যে ট্রাম্প স্বীকার করেছেন, কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রের সরবরাহ তুলনামূলকভাবে সীমিত। পরে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কিছু গোলাবারুদের মজুত ‘কঠিন অবস্থায়’ রয়েছে। তবে অপেক্ষাকৃত কম উন্নত অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘প্রায় সীমাহীন সরবরাহ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।
অস্ত্রের মজুত কমে যাওয়ার তথ্য কারা প্রকাশ্যে এনেছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের ‘দীর্ঘমেয়াদি কারাদণ্ড’ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করার নির্দেশ
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর ট্রাম্পের ক্ষোভ নেই। বরং অস্ত্রের মজুত সংক্রান্ত তথ্য ফাঁসকারীদের লক্ষ্য করেই তার ক্ষোভ।
বৃহস্পতিবার আরেকটি ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প হেগসেথের কাজের প্রশংসা করে বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর কাজে ‘অত্যন্ত খুশি’।
তবে, সিএনএনকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘তিনি কখনোই পিটকে দোষারোপ করেননি। পুরো বিষয়টি তথ্য ফাঁসকারীদের নিয়ে।’
মার্কিন প্রশাসনের ভেতর থেকে কারা অস্ত্রের মজুত নিয়ে তথ্য প্রকাশ করেছে, তা শনাক্ত করতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তথ্য ফাঁসকারীদের ‘রাষ্ট্রদ্রোহী’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
/এআই