পশ্চিম তীরের কালান্দিয়া ক্যাম্পে ইসরায়েলি অভিযান, আহত ৫১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম
অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর চালানো এক বড় ধরনের সামরিক অভিযানে অন্তত ৫১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেরুজালেম গভর্নরেটের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার কালান্দিয়া চেকপয়েন্টের কাছে বেশ কিছু বাণিজ্যিক দোকানপাট ও অবকাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এরপর পার্শ্ববর্তী কফর আকাব শহরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে জেরুজালেমের সাথে সংযোগকারী সমস্ত প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি সেনাদের পাশবিক মারধরের শিকারে অন্তত ৩৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া রবার বুলেট ও টিয়ার গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও একাধিক ব্যক্তি। অভিযানের সময় বুধবার গভীর রাত থেকেই রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স চলাচলে চরম বাধা সৃষ্টি করে ইসরায়েলি সেনারা। চিকিৎসাসেবা অবরুদ্ধ থাকা সত্ত্বেও ডায়ালাইসিসের রোগীসহ কয়েকজনকে অতি কষ্টে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয় উদ্ধারকারী দল।
অভিযান চলাকালে ক্যাম্পের প্রবেশমুখে অবস্থানরত পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের লক্ষ্য করে স্টান গ্রেনেড নিক্ষেপ করে এলাকা ত্যাগের নির্দেশ দেয় ইসরায়েলি সৈন্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ ফিলিস্তিনিদের বাসাবাড়ি জোরপূর্বক দখল করে সেখানে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে নারী ও শিশুসহ বহু ফিলিস্তিনিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এএ