×
Logo

আন্তর্জাতিক

শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৩৬ এএম

শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলতে তেহরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। আমার মনে হয় না তারা আর বেশি দিন চালিয়ে যেতে পারবে।

হরমুজ প্রণালি খুলতে কোনো চুক্তি হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়েছে এমনটা তিনি বলতে চান না। তবে বর্তমানে প্রণালিটি ‘অনেকটা খোলা’ রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। তবে ইরান সেখানে হামলা বা মাইন পুঁতে দিতে পারে বলেও মন্তব্য করেন।

ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, আমরা খুব ভালো করছি। ইরানের সঙ্গে আলোচনায় আমি নিজেও যুক্ত আছি। সবকিছু ঠিকঠাক চলছে। শিগগিরই একটি চুক্তি হতে পারে।

এর আগে বুধবার নেভাদায় এক অনুষ্ঠানে ইরানের সঙ্গে সংঘাত নিয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে। তবে একইসঙ্গে কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংকট নিরসনই তার মূল লক্ষ্য বলেও জানান।

ট্রাম্প বলেন, তিনি মানুষ হত্যা করতে চান না, তাই চুক্তির মাধ্যমে সমাধান চান। তবে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ইরানের সঙ্গে যোগাযোগ চলার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। তা না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প দাবি করেন, দুই পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা চলছে। তবে ইরানের কর্মকর্তারা আলোচনার বিষয়টি অস্বীকার করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার ভাষ্য, ইরান চুক্তিতে পৌঁছাতে চায়।

/এনএ 

Logo