চোর ডাকা ইস্যুতে এবার ব্রাজিল-আর্জেন্টিনা কূটনীতিতে উত্তাপ, কড়া পদক্ষেপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম
খেলার মাঠে নয়, এবার উত্তেজনা ছড়াচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কে। প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে ক্রমাগত আর্জেন্টাইন প্রেসিডেন্টের চোর আখ্যা দেয়ার জবাবে কড়া পদক্ষেপ নিয়েছে ব্রাজিল। নিজ দেশে ফিরিয়ে নিয়েছে আর্জেন্টিনায় নিযুক্ত রাষ্ট্রদূতকে। কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে চার্জ ডি অ্যাফেয়ার্সের মাধ্যমে। দু'দেশের সম্পর্কের ইতিহাসে যা নজিরবিহীন। এর আগে, ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে সমর্থন দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
ব্রাজিল আর আর্জেন্টিনা— লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই প্রতিবেশী দেশের সম্পর্ক গত আড়াই বছর ধরেই বেশ শীতল। মূলত ২০২৩ সালের ডিসেম্বরে হাভিয়ের মিলেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বেড়েছে তাদের কূটনৈতিক উত্তেজনা।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিলেই। অন্যদিকে, তাদের দু'পক্ষের সাথেই বেশ তিক্ত সম্পর্ক ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার। অক্টোবরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটির কারাবন্দী নেতা জেইর বলসেনারোর ছেলে কট্টর ডানপন্থি ফ্লাভিও বলসেনারোকে সরাসরি সমর্থন দিয়েছেন মিলেই। তারই এক নির্বাচনী ক্যাম্পেইনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে চোর আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
এই ঘটনার প্রতিবাদে আর্জেন্টিনায় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয় ব্রাজিল। এরপরও থামেননি মিলেই। সবশেষ এক টেলিভিশন সাক্ষাৎকারে আবারও লুলাকে চোর ও দুর্নীতিবাজ আখ্যা দেন তিনি। ব্রাজিলের অভিযোগ, চলতি সপ্তাহে মোট তিনবার তাদের রাষ্ট্রপ্রধানকে চোর বলেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। প্রতিবাদে দেশটিতে আর রাষ্ট্রদূতকে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এখন থেকে রাষ্ট্রদূতের পরিবর্তে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন চার্জ ডি অ্যাফেয়ার্স। সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা বাড়লেও প্রতিবেশি দু'দেশের সম্পর্কের এমন অবনতি নজিরবিহীন।
এদিকে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথেও বাড়ছে লুলা প্রশাসনের তিক্ততা। ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আসন্ন নির্বাচনের আগে সফরের আগ্রহ প্রকাশ করা দুই মার্কিন কূটনীতিককে গত মাসে ভিসা দেয়নি ব্রাজিল। যার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের।
/এমএইচআর