তিন দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তিন দিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) শুরু হওয়া এই সফরে দেশটির সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির তার সঙ্গে রয়েছেন। খবর ডন নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে গেছেন।
তারা আরও জানায়, সফরকালে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন এবং মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করবেন।
এর আগে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই সফরের ঘোষণা দেন। তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পাকিস্তান-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।
তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হলেও তা তাৎক্ষণিক সংকট ও স্বল্পমেয়াদি বিবেচনার বাইরে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করবে।
/এএন