পূর্ব ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে ক্রিমিয়া উপদ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। বৃহস্পতিবার (৬ আগস্ট) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ড্রোন হামলায় খারকিভ অঞ্চলে তিনজন এবং সুমি অঞ্চলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য নিয়ন্ত্রিত বোমার হামলায় সুমি শহরেই ১২ জন আহত হয়েছেন।
এদিকে, ইউক্রেনের ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, কৃষ্ণ সাগর এলাকায় একটি রুশ হামলায় গম বোঝাই একটি বিদেশি পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে একজন নাবিকের মৃত্যু হয়েছে।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘মেরা কুইন’ নামের জাহাজটি বুধবার গভীর রাতে রাশিয়ার হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের বাণিজ্য ও রফতানি পথ রুদ্ধ করার প্রচেষ্টা জোরদার করছে এবং দেশটির কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দরগুলোতে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী গত বুধবার রাতে ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
/এসআর