মোদির ভিডিও সরানোর ঘটনায় ক্ষমা চাইলো মেটা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেয়ার (রেস্ট্রিক্ট) ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা।
প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান বলেন, প্রধানমন্ত্রী মোদির পোস্ট সীমিত করার ভুলের জন্য মেটার পক্ষ থেকে আমি ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি।
তিনি আরও বলেন, এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি এবং ভিডিওটি পরে পুনরায় ফিরিয়ে দেয়া হয়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সময় দেশের যুবসমাজকে বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভিডিওটি সরিয়ে দেয়ার ঘটনায় মেটার কাছে ব্যাখ্যা চেয়েছিল ভারতের তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। পরে মেটা জানায়, এটি একটি অনিচ্ছাকৃত পরিচালনাগত (অপারেশনাল) ত্রুটির কারণে ঘটেছিল।
পাশাপাশি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মেটার শীর্ষ নেতৃত্বের বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নিরাপত্তা, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং ভারতীয় আইন মেনে চলার বিষয়েও আলোচনা হয়।
মেটা জানিয়েছে, ভবিষ্যতে এমন ভুল এড়াতে তারা প্ল্যাটফর্ম পরিচালনায় আরও সতর্ক থাকবে এবং ভারতীয় আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
/এএম