হুতিদের সৌদি ট্যাংকারে হামলার দাবি
বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম
হুতিদের সৌদি তেল ট্যাংকারে হামলার দাবির পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। শিপিং তথ্য অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) এসব পথে জাহাজ চলাচল আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। খবর রয়টার্সের।
সামুদ্রিক তথ্য সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ২টি জাহাজ গেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৮টি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে, প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত। পরে ইরান প্রণালিটি বন্ধ করে দেয়।
বাব আল-মান্দেব প্রণালিতে বুধবার মাত্র একটি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। এটি ছিল বাহামাসের পতাকাবাহী একটি ড্রাই বাল্ক ক্যারিয়ার। এর আগের দিন এই সংখ্যা ছিল ২০টি।
এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা দাবি করে, তারা সৌদি আরবের লোহিত সাগরের বন্দর শহর ইয়ানবুর কাছে একটি সৌদি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা এডেন উপসাগরে আরেকটি সৌদি তেল ট্যাংকারে হামলার কথাও জানায়। তবে এসব হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, হুতিরা গত মাস থেকে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ চালাচ্ছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি অবরোধের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে, সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করেছে।
/এএন