×
Logo

আন্তর্জাতিক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। সবচেয়ে বিপর্যস্ত আসামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হওয়ায় চলতি বর্ষা মৌসুমে রাজ্যটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। 

পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় আসামের শিবসাগর, গোলাঘাট, জোরহাট ও কামরূপ সহ অন্তত ১৪টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ায় খুলতে হয়েছে শতাধিক আশ্রয়কেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছেন হাজার হাজার বাস্তুচ্যুত নাগরিক। দুর্গম ও প্লাবিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনী, রাজ্য দুর্যোগ প্রশমন বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল।

কেবল আসামই নয়, পাশের মেঘালয় ও অরুণাচল প্রদেশেও পাহাড়ি ধস ও নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি টানা বৃষ্টিতে উত্তর প্রদেশের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজ্যটির প্রধান প্রধান নদী গঙ্গা ও যমুনার পানি একাধিক পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।

/এএ 

Logo