হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন রুট নিয়ে ওমানের সাথে সমঝোতায় ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪৯ এএম
ফাইল ছবি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের লক্ষ্যে নতুন একটি রুট নিয়ে ওমানের সাথে সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশের যৌথ সমন্বয়ের ভিত্তিতেই পরিচালিত হবে এই সামুদ্রিক জলপথটি।
বুধবার (৬ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে চুক্তির সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। পরবর্তীতে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, এই নতুন রুটটি মূলত একটি অস্থায়ী ব্যবস্থা হবে এবং এটি আগামী দুই থেকে চার মাস পর্যন্ত কার্যকর ও খোলা রাখা হতে পারে।
তবে ওমানের সাথে নতুন রুট নিয়ে চুক্তি হলেও তা হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচলের শতভাগ নিশ্চয়তা দেবে না বলে সতর্ক করেছেন ইরানি মুখপাত্র ইসমাইল বাঘেই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক ও সামরিক অবরোধের কারণেই এই অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে আলোচনা অত্যন্ত ইতিবাচক পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে পুরোদমে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
/এএ