ইরানি এমপি ইসমাইল কাউসারি
ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম
ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলকে ‘পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে পার্লামেন্ট সদস্য ইসমাইল কোসারি বলেন, ট্রাম্প ৭৫ বার দাবি করেছেন যে হরমুজ প্রণালি খোলা রয়েছে। অথচ বাস্তবে তা খোলা হয়নি।
কোসারি আরও দাবি করেন, ট্রাম্প ১০৬ বার ‘ইরানের পরাজয়’ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি তেহরানের সঙ্গে ‘শিগগিরই চুক্তি’ হতে যাচ্ছে, এমন দাবিও করেছেন ৮৮ বার।
ইরানি এই আইনপ্রণেতার মতে, ট্রাম্পের বারবার অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের আস্থার সংকট আরও গভীর হচ্ছে।
এদিকে, হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে কোনো সমঝোতা হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক তথ্যপ্রাপ্ত সূত্রের বরাতে এ খবর জানিয়েছে।
ওই সূত্রের দাবি, হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের নিয়মকানুন নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকাটের মধ্যেই হচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।
সূত্রটি জানায়, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য কোনো সমঝোতার সঙ্গে এই প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই।’
আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও তেহরান যেসব কর্মকাণ্ডকে ‘যুক্তরাষ্ট্রের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করছে, সেগুলো অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
ইরানি সূত্রটির ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের আচরণে পরিবর্তন এবং তাদের লঙ্ঘনের অবসানের ওপরই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নির্ভর করছে।’
এর আগে, ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ওমানের সঙ্গে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তেহরান। তবে এ ক্ষেত্রে আলোচনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলেও ইরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে বলে জানানো হয়।
ইরানি কর্মকর্তারা এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন, সামরিক হুমকি দিয়ে ওয়াশিংটন আলোচনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সমঝোতা বিলম্বিত করছে।
ফলে ওমানের সঙ্গে জাহাজ চলাচল নিয়ে কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালি কবে খুলবে, তা নির্ভর করছে মূলত যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমানো এবং তেহরানের ভাষায় মার্কিন ‘লঙ্ঘন’ বন্ধ হওয়ার ওপর।
/এআই