ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৩১ পিএম
দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি সেখানে প্রকাশিত হতে পারে এমন কোনো মতামতকেও সমর্থন করে না নয়াদিল্লি। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জয়সওয়াল বলেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার। এতে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই এবং এই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তা সমর্থন করে না।
ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান দায়িত্বগ্রহণের পর তাকে ভারতে সফরের যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল, তা বহাল রয়েছে। পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তার অর্পিত ক্ষমতার ভিত্তিতেই তাকে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এটি ব্রিকসের নিয়মিত বৈশ্বিক কাঠামোরই একটি অংশ।
এছাড়া গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী প্রবাহিত হয়। যেগুলোর পানিবণ্টন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য রয়েছে যুগ্ম নদী কমিশন। তা ছাড়া বিভিন্ন দ্বিপক্ষীয় কার্যপদ্ধতি ও বিভিন্ন কারিগরি পর্যায়ের কমিটির মাধ্যমেই এসব আলোচনাকে সাহায্য করে। এই কার্যপদ্ধতি অনুযায়ীই গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হবে।
/এনএ