হুতিদের হুমকির মুখে পথ পরিবর্তন করলো ৬ সৌদি সুপারট্যাঙ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবের নৌযানের ওপর হামলা ও 'নৌ অবরোধে'র হুমকির জেরে এডেন উপসাগরে গতিপথ পরিবর্তন করেছে সৌদি পতাকাবাহী অন্তত ৬টি বিশালাকার সুপারট্যাঙ্কার।
জাহাজগুলো এখন লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালী এড়িয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করছে বলে জাহাজ ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।
এলএসইজি এবং মেরিন ট্রাফিকের শিপ-ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, এশিয়া থেকে খালি অবস্থায় ফেরা এই সুপারট্যাঙ্কারগুলো দক্ষিণ লোহিত সাগরের ঝুঁকিপূর্ণ প্রণালী এড়িয়ে সারিবদ্ধভাবে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দিকে এগোচ্ছে। এই বিকল্প দূরপাল্লার রুট ব্যবহারের কারণে জাহাজগুলোর গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত অন্তত ২৫ দিন সময় লাগবে।
গত ২০ জুলাই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বাণিজ্যিক নৌযানের ওপর অবরুদ্ধকরণের ঘোষণা দেয় এবং এর পর থেকেই লোহিত সাগরে সৌদি মালিকানাধীন কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত ইয়েমেনি ভূখণ্ডের ওপর রিয়াদের অবরোধের জবাবেই তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছে।
লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি চরম মাত্রায় বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
/এএ