স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করল চীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম
স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি অটল ও সুদৃঢ় সমর্থনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছে বেইজিং। ফিলিস্তিনে নিযুক্ত চীনের প্রধান প্রতিনিধি সান ঝেন দেশটির এই ধারাবাহিক অবস্থানের কথা তুলে ধরেন।
সোমবার (৩ আগস্ট) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ‘ওয়াফা’-র প্রতিবেদন এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রামাল্লায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সান ঝেন ফিলিস্তিনিদের প্রতি চীনের নিরবচ্ছিন্ন মানবিক সাহায্য ও উন্নয়ন সহায়তা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। একই সাথে তিনি চীন-ফিলিস্তিন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
ফিলিস্তিনি শীর্ষ নেতাদের সাথে নিজের সাম্প্রতিক বৈঠকগুলোর কথা উল্লেখ করে এই চীনা কূটনীতিক জানান, ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর প্রতিনিয়ত যে চরম অন্যায় ও অবিচার চাপিয়ে দেওয়া হচ্ছে, তা তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন।
সান ঝেন আরও উল্লেখ করেন যে, চলতি বছরটি চীন ও ফিলিস্তিনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে দুই দেশের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে চীনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
/এএ