×
Logo

আন্তর্জাতিক

পাকিস্তানের ব্রড পিকে তুষারধস

বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার বিশ্বের ১২তম সর্বোচ্চ শৃঙ্গ 'ব্রোড পিক'-এ ভয়াবহ তুষারধসের ঘটনায় নিখোঁজ বিশ্বখ্যাত নেপালি-ব্রিটিশ পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন অভিযাত্রীর মরদেহ উদ্ধার করেছে পাকিস্তানের উদ্ধারকারী দল।

দ্য আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) জানিয়েছে, রোববারে পর্বতের প্রায় ৫ হাজার ৭০০ মিটার উঁচুতে নির্মল পুরজার মরদেহ সহ আরও তিনটি মরদেহ দেখতে পাওয়া যায়। এর আগে শনিবার তার প্রতিষ্ঠান 'এলিট এক্সপেডিশনস' এবং আলপাইন ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে বৃহস্পতিবার দুপুরে তুষারধসের পর নিখোঁজ হওয়া ১০ সদস্যের পুরো দলটিই প্রাণ হারিয়েছেন। 

নিহতদের মধ্যে যুক্তরাজ্যের বাসিন্দা নির্মল পুরজা ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হারথি এবং নেপালের পুর বাহাদুর গুরুংয়ের পরিচয় শনাক্ত করা হয়েছে।

বিশ্বের সব ৮ হাজার মিটার উঁচু ১৪টি পর্বতশৃঙ্গ মাত্র ১৮৯ দিনে (৬ মাসের কিছু বেশি সময়) জয় করে গিনেস বিশ্ব রেকর্ড গড়া এবং নেটফ্লিক্সের বিখ্যাত '১৪ পিকস: নাথিং ইজ ইমপসিবল' প্রামাণ্যচিত্রের নায়ক নির্মল পুরজা। প্রিন্স অব ওয়েলস (প্রিন্স উইলিয়াম), যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। 

১৬ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে গুর্খা ও স্পেশাল ফোর্সে সেবা দেওয়া এবং এমবিই  খেতাবে ভূষিত ৪৩ বছর বয়সী এই পর্বতারোহী 'বিনা অক্সিজেনে বিশ্বের ১৪টি আট হাজারি পর্বত দুবার জয় করার' এক অনন্য বিশ্বরেকর্ড ছোঁয়ার ঐতিহাসিক লক্ষ্য নিয়ে ব্রড পিকে আরোহণ করছিলেন। আলপাইন ক্লাব জানিয়েছে, উদ্ধার করা মরদেহগুলো জাপানি ক্যাম্পে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

/এএ

Logo