×
Logo

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম

ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৩ আগস্ট) ইরানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৮ ডলারে নেমে আসে। খবর রয়টার্সের।  

এর আগে ট্রাম্প জানান, ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।

তেলের দাম কমার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ০.৫ শতাংশ, নাসডাক ফিউচার ০.৮ শতাংশ এবং ইউরোপীয় ফিউচার ০.৭ শতাংশ বেড়েছে।

তবে এশিয়ার শেয়ারবাজারে চাপ ছিল। জাপানের নিক্কেই সূচক প্রায় ২ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৪ শতাংশের বেশি কমেছে। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এমএসসিআই সূচকও প্রায় ১ শতাংশ নিচে নেমেছে।

জাপানি ইয়েন ডলারের বিপরীতে প্রায় ০.৫ শতাংশ শক্তিশালী হয়ে ডলারপ্রতি ১৫৬ দশমিক ৪৭ ইয়েনে দাঁড়িয়েছে।

এদিকে, তেলের দাম কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলনও কমেছে। এটি ৩.৭ বেসিস পয়েন্ট কমে ৫.২৩৮ শতাংশে নেমে এসেছে।

/এএন

Logo