যুক্তরাজ্য, বুলগেরিয়া ও ইউক্রেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোর নিশ্চয়তা দিয়েছে: ইসমাইল বাঘাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০১:৪৩ এএম
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে কোনোভাবেই অংশ নেবে না বলে তেহরানকে আশ্বস্ত করেছে যুক্তরাজ্য, বুলগেরিয়া এবং ইউক্রেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই দাবি করেছেন।
রোববার ( ২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বাঘাই জানান, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য, বুলগেরিয়া ও ইউক্রেন থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেলিফোন কল এসেছে। কথোপকথনে দেশ তিনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বা সামরিক অভিযানে যুক্ত হবে না।
হরমুজ প্রণালি প্রসঙ্গ এবং ওমানের সাথে আলোচনা নিয়ে বাঘাই বলেন, ওমানের সাথে ইরানের যে আলোচনা চলছে তাতে এমন একটি ট্রানজিট রুট নিয়ে কথা হচ্ছে যা উত্তর বা দক্ষিণ রুট—কোনোটিই নয়।
তবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি ওমানের সাথে আলোচনার সম্পূর্ণ পৃথক একটি বিষয় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, চুক্তি বা সমঝোতা স্মারকে নির্ধারিত সময়সীমার ভেতরে যুক্তরাষ্ট্র নৌ-চলাচল শুরু করতে দেয়নি।
উল্টো সমঝোতার নির্ধারিত সময় পার হওয়ার আগেই ওয়াশিংটন ইরানের ওপর বিমান হামলা চালায়। মার্কিন এই অঙ্গীকার লঙ্ঘনের কারণেই হরমুজ প্রণালি বন্ধ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
/এএ