মধ্যপ্রাচ্যে যুদ্ধে হতাহত শিশুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে: ইউনিসেফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক সংঘাতের জেরে ইরান এবং তার আশপাশের মার্কিন মিত্র দেশগুলোতে হতাহত শিশুর সংখ্যা ৪ হাজার ছড়িয়েছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘাত ছড়িয়ে পড়ার কারণে নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠের মতো নিরাপদ স্থানগুলোতেও শিশুদের জীবন বিপন্ন হচ্ছে। তারা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে কিংবা পঙ্গুত্ব বরণ করছে।
সবশেষ গত ৩০ জুলাই ইরানের ক্যাশম দ্বীপের একটি আবাসিক এলাকায় মার্কিন বিমান হামলায় বাবা-মায়ের সঙ্গে একটি দুই বছরের শিশুর মৃত্যু হয় এবং আরও দুই শিশু গুরুতর আহত হয় বলে তথ্য তুলে ধরে ইউনিসেফ।
আবদুল ফোফানা জানান, গত পাঁচ মাসের যুদ্ধে এই অঞ্চলের ছয়টি দেশে মোট ৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে কেবল ইরানজুড়েই হতাহত শিশুর সংখ্যা আড়াই হাজারের বেশি। দেশটিতে সংঘাতের ফলে ৩৮৬ জন শিশু প্রাণ হারিয়েছে এবং আরও ২ হাজার ১১৭ জন শিশু আহত হয়েছে।
বিবৃতিতে ইউনিসেফ উল্লেখ করে যে, যে যুদ্ধ শিশুরা শুরু করেনি এবং তা থামানোর সক্ষমতাও তাদের নেই, সেই যুদ্ধের নির্মম মূল্য শিশুদের চুকানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ইউনিসেফ অনতিবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিবদমান সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
/এএ