×
Logo

আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদন

হামলা বন্ধের অনুরোধের দাবি নাকচ ইরানের, ব্যঙ্গ করে ফার্সের পোস্ট 'বোকা ট্রাম্পের দম ফুরিয়ে গেছে'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

হামলা বন্ধের অনুরোধের দাবি নাকচ ইরানের, ব্যঙ্গ করে ফার্সের পোস্ট 'বোকা ট্রাম্পের দম ফুরিয়ে গেছে'

ইরানের অনুরোধে দেশটির ওপর সম্ভাব্য হামলা স্থগিত করা হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করেছে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম। একইসঙ্গে, ট্রাম্পকে কটাক্ষ ও বিদ্রুপও করেছে বলে দাবি করেছে সিএনএন নিউজ।

শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাতে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। 

তার ভাষ্য, একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে এবং এর অংশ হিসেবে হরমুজ প্রণালি তাৎক্ষণিক, সম্পূর্ণ ও পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত করা হবে।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে তেহরান হামলা বন্ধের অনুরোধ করেছে কিংবা হরমুজ প্রণালি নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে। বরং ইরান আগের মতোই প্রণালিটিতে নৌ-চলাচল ব্যবস্থাপনায় নিজেদের ভূমিকার ওপর জোর দিয়েছে।

এর পরিবর্তে ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে, আসলে ট্রাম্পই নিজের অবস্থান থেকে সরে এসেছেন।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এক পোস্টে ট্রাম্পকে ব্যাঙ্গ করে লেখেছে, 'বোকা ট্রাম্পের দম ফরিয়ে গেছে।'

ফার্সের বরাতে তেহরানের রাজনৈতিক বিশ্লেষক মোরতেজা সেমিয়ারি একটি ফারসি প্রবাদ ব্যবহার করে বলেন, 'আমেরিকানদের পাহাড় আবারও একটি ইঁদুরের জন্ম দিয়েছে।' অর্থাৎ, বড় বড় হুমকির পরও শেষ পর্যন্ত ফল হয়েছে সামান্য।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কায়হান অনলাইন মন্তব্য করেছে, প্রায় এক সপ্তাহ ধরে হুমকি ও বড় বড় বক্তব্য দেওয়ার পর ট্রাম্প আবারও নিজের অবস্থান থেকে সরে গিয়ে চুক্তি কাছাকাছি বলে দাবি করছেন।

অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইরান কখনোই হামলা বন্ধের অনুরোধ জানায়নি। তাদের ভাষ্য, 'ট্রাম্প আবারও তার ফাঁকা হুমকি থেকে সরে এসে সেই পশ্চাদপসরণকে বিশ্বের কাছে অনুগ্রহ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন'

মেহর আরও বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালাক বা পিছু হটুক—ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

এদিকে, ইরানের একাধিক সংবাদমাধ্যম পশ্চিমা গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনও উদ্ধৃত করেছে। বিশেষ করে সিএনএনের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসার বিষয়টি উল্লেখ করা হয়।

আধা-সরকারি তাসনিম নিউজ দাবি করেছে, মার্কিন ক্ষেপণাস্ত্রের ঘাটতিই ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার অন্যতম প্রধান কারণ।

তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

/এআই 

Logo