×
Logo

আন্তর্জাতিক

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩, আহত ২১: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩, আহত ২১: বিবিসি

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত বালজি রসি রেস্তোরাঁয় এ বিস্ফোরণ ঘটে।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, সন্দেহভাজন এক নারী হাতে বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। তবে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

বিস্ফোরণে ওই নারী, রেস্তোরাঁর একজন নিরাপত্তাকর্মী এবং সেখানে থাকা এক দর্শনার্থী নিহত হন। আহত ২১ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার লক্ষ্যবস্তু কে ছিল, তা এখনো জানায়নি রুশ কর্তৃপক্ষ। তবে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর অনেক বাসিন্দাই এ ঘটনার সঙ্গে যুদ্ধের কোনো যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন।

গত কয়েক বছরে, রাশিয়ার রাজধানী ও আশপাশের এলাকায় দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য মস্কো বারবার কিয়েভকে দায়ী করে আসছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণটি ঘটে। রেস্তোরাঁটি মস্কোর বিখ্যাত স্টালিন আমলের একটি ভবনে অবস্থিত। বিস্ফোরণের পর ওই এলাকার সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

রুশ সংবাদ সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

/এআই 

Logo