×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম

যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যে ইন-এন-আউট বার্গার নামের রেস্টুরেন্টে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর, রয়টার্সের।

শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এদিন দুপুরে বন্দুক নিয়ে রেস্টুরেন্টের ডাইনিং এরিয়ায় প্রবেশ করে ওই হামলাকারী। সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে তারা।

তবে, নিহত তিনজনের মধ্যে হামলাকারীকে হিসাব করা হয়েছে কিনা, সেটি স্পষ্ট করেনি পুলিশ। এছাড়াও, তিনি কীভাবে নিহত হয়েছেন, তাও জানানো হয়নি। হামলার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, টুইন ফলস পুলিশ বিভাগ ফেসবুকে জানায়, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল-সংলগ্ন সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এই মর্মান্তিক ঘটনার পর আইডাহোর সিনেটর মাইক ক্র্যাপোসহ রাজ্যের অন্যান্য জনপ্রতিনিধিরা জরুরি সেবাকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং হতাহতদের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি ইদাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসব, শোভাযাত্রা, উপাসনালয় বা সামাজিক সমাবেশের মতো সাধারণ স্থানগুলোতে গোলাগুলির যে ক্রমবর্ধমান প্রবণতা দেখা যাচ্ছে, টুইন ফলসের এই ঘটনা সেই দুঃখজনক তালিকাকে আরও দীর্ঘ করল।

/এসআইএন/এমএইচআর

Logo