ট্রাম্পের মন্ত্রিসভা বৈঠকের মধ্যেই হরমুজে মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকারে ইরানের হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম
ট্রাম্পের যুদ্ধ নিয়ে মন্ত্রিসভা বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালিতে মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকারে হামলা করেছে ইরান। শনিবার (১ আগস্ট) দ্যা গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আসন্ন হওয়ায় স্থবির হয়ে পড়া যুদ্ধ এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেছিলেন। ঠিক তখনই মার্কিন সেনাবাহিনীর পাহারায় হরমুজ প্রণালি অতিক্রম করতে চেষ্টা করা দুটি ট্যাংকারে ইরান হামলা চালায়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবার এক বার্তায় জানায় যে, নির্দেশ অমান্যকারী তেল ট্যাঙ্কারগুলোকে আঘাত হেনে থামিয়ে দেওয়া হয়েছে এবং অন্য চারটি তেল ট্যাঙ্কার দ্রুত গতিপথ পরিবর্তন করে তাদের পূর্বের অবস্থানে ফিরে গেছে। জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর পাহারায় একটি অঘোষিত পথ দিয়ে হরমুজ অতিক্রম করার চেষ্টা করেছিল।
দুই সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ যান চলাচলের জন্য প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। যার ফলে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। বৃহস্পতিবার, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়।
/এসআর