×
Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:০২ এএম

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে শুক্রবার পরিচালিত ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং অনেকেই আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য গাজার দেইর আল-বালাহর আবু আরিফ স্ট্রিটে ইসরায়েলি হামলায় আহত হয়ে ৩৩ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ ফাতায়ের মারা যান। এদিকে, দেইর আল-বালাহ-এর উত্তর-পূর্বে সালাহ আল-দিন সড়কে ইসরায়েলি হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ আবদেল নাসের আল-খাতিবও নিহত হন।

কয়েকটি সূত্রের তথ্য মতে, আবু আরিফ স্ট্রিটে একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালালে দুই ফিলিস্তিনি আহত হন। যাদের মধ্যে চিকিৎসাধীন একজনের অবস্থা গুরুতর।

এদিকে, গাজার আল-আওদা হাসপাতালের তথ্যমতে, মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র জানায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ফোনে বাসিন্দাদের এলাকাটি খালি করার জন্য সতর্ক করার পর ইসরায়েলি যুদ্ধবিমান একটি বহুতল ভবন ধ্বংস করে দেয়। 

চিকিৎসকেরা জানান, আরেকটি ইসরায়েলি হামলায় দেইর আল-বালার দক্ষিণে একটি বাড়ি ধ্বংস করা হয়েছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাসলাহ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে, উত্তর গাজা সিটির আল-সাফতাউই মহল্লায় ইসরায়েলি হামলায় আরও চারজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

/এসআর 


Logo