দক্ষিণ লেবাননে রাতভর বিস্ফোরণ চালিয়েছে ইসরায়েল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
লেবাননের দক্ষিণাঞ্চলীয় ইয়োহমোর আল-শকিফ, আরনুন এবং কাফার তেবনিত এলাকাজুড়ে রাতভর ধারাবাহিকভাবে ভয়াবহ বিস্ফোরণ চালিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এর বরাতে শুক্রবার (৩১ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণগুলো দেশটির সমগ্র দক্ষিণ অঞ্চলজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। যার কম্পন আল-খাররুব এবং খালদে পর্যন্ত অনুভূত হয়। মারজায়ুন জেলায়, বিউফোর্ট দুর্গের কাছে হওয়া প্রচণ্ড বিস্ফোরণে নিকটবর্তী শহর ক্লায়ার বিভিন্ন বাসা-বাড়ির জানালা ভেঙে গেছে এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে।
এনএনএ-এর তথ্যমতে, বাসিন্দারা জানিয়েছেন যে তীব্র কম্পনে এলাকাটি কেঁপে উঠে এবং এর সঙ্গে বারুদের তীব্র গন্ধও পাওয়া গিয়েছিল।
এতে আরও বলা হয়েছে যে, ইসরায়েলি বাহিনী টায়ার জেলার আল-মানসুরি ও বিয়ুত আল-সায়াদের উপকণ্ঠে ভারী মেশিনগানের গুলিবর্ষণ করেছে এবং একই সাথে আল-মানসুরির ওপর কামানের গোলা নিক্ষেপ করেছে।
এনএনএ আরও জানিয়েছে, বিন্ট জেবেইল জেলার আইনাতার দিকে বারাচিত পাহাড়ে ট্যাঙ্কের চলাচলের খবরও পাওয়া গেছে এবং এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম উভয় সেক্টর জুড়েই প্রচণ্ড বিস্ফোরণ ও কম্পন অনুভূত হয়েছে।
/এসআর