পাকিস্তানের পর্বতশৃঙ্গ ব্রোড পিকে ভয়াবহ তুষারধস, নির্মল পুরজাসহ নিখোঁজ ১০ পর্বতারোহী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
পাকিস্তানের কারাকোরাম পর্বতশ্রেণীর বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘ব্রোড পিক’-এ ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে নেপালের বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ অন্তত ১০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় দুপুর নাগাদ পর্বতটির ক্যাম্প-২ ও ক্যাম্প-৩-এর মধ্যবর্তী এলাকায় প্রায় ৬,৬০০ মিটার উচ্চতায় তুষারধসটি আঘাত হানে। এর পর থেকেই ১০ জনের পুরো দলটির সাথে বেস ক্যাম্পের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) জানায়, নিখোঁজ অভিযাত্রী দলে নেপালের নির্মল পুরজা ও ৫ জন শেরপা গাইড ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, ওমান ও পাকিস্তানের পর্বতারোহীরা রয়েছেন।
খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে আকাশপথে উদ্ধার কার্যক্রম চালানো না গেলেও শুক্রবার সকাল থেকে স্কার্দু থেকে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার ও উদ্ধারকারী টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একই সাথে বেস ক্যাম্প থেকে স্থলপথেও অনুসন্ধানী দল পাঠানো হয়েছে।
এদিকে কাঠমান্ডু পোস্ট জানায়, নির্মল পুরজার ট্র্যাকিং ডিভাইসের জিপিএস সংকেত থেকে দেখা গেছে, তুষারধসের স্থানে তার অবস্থান সামান্য সরে গেছে। তবে এটি তিনি জীবিত আছেন কি না, তা শতভাগ নিশ্চিত না করলেও জীবিত উদ্ধারের এক ক্ষীণ আশা দেখাচ্ছে।
/এএ