×
Logo

আন্তর্জাতিক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ১.৫ শতাংশে: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ১.৫ শতাংশে: বিবিসি

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। সরকারি হিসাব অনুযায়ী, এপ্রিল থেকে জুন: এই তিন মাসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে বার্ষিক হিসাবে ১ দশমিক ৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ১ শতাংশ। তবে দ্বিতীয় প্রান্তিকে তা কমে ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও এই প্রবৃদ্ধির হার কিছুটা কম।

অর্থনীতির এই ধীরগতির পেছনে সরকারি ব্যয় কমে যাওয়া, বিনিয়োগে মন্দাভাব এবং রফতানি কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে এ সময়ে ভোক্তাদের ব্যয় বৃদ্ধি অর্থনীতিকে কিছুটা সহায়তা করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে ব্যবসায়িক খাত চাপের মুখে রয়েছে। বিশেষকরে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বুধবার (২৯ জুলাই) টানা পঞ্চমবারের মতো সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফেডের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ জানিয়েছেন, মূল্যস্ফীতি মোকাবিলায় কোনো ‘ম্যাজিকাল সমাধান’ নেই।

যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতির হার ফেডের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। তবে বাণিজ্য বিভাগ জানিয়েছে, মূল্যস্ফীতির চাপের মধ্যেও ভোক্তাদের ব্যয় করার প্রবণতা এখনো শক্তিশালী রয়েছে।

ফেডারেল রিজার্ভ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে অনিশ্চয়তা থাকলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড 'স্থিতিশীল গতিতে' এগোচ্ছে।

তবে সংঘাতের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। সাম্প্রতিক উত্তেজনার পর আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে সাধারণত জ্বালানি খরচ বাড়ে, যার প্রভাব পড়ে পণ্য ও সেবার দামের ওপর। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম আবারও গ্যালনপ্রতি ৪ ডলারের ওপরে উঠেছে।

/এআই 

Logo