অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ইসরায়েলের কাছে ভারতের অস্ত্র বিক্রি গণহত্যায় জড়িত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
ইসরায়েলের কাছে ভারতের অস্ত্র বিক্রি গাজা গণহত্যায় জড়িত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যায় ব্যবহৃত হওয়ার ব্যাপক ঝুঁকি থাকা সত্ত্বেও ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতীয় সংস্থাগুলো ইসরায়েলি সামরিক সরবরাহকারীদের কাছে সামরিক মানের অস্ত্রের অন্তত ৩ লাখ ৯০ হাজার ৫১৬টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, ড্রোন ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোলসের মতো বিস্ফোরক অস্ত্রের ৫ লাখ ৬৪ হাজার ৯৭০টি যন্ত্রাংশ এবং সামরিক যানবাহনের ২৯৮টি উপাদান সরবরাহ করেছে।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, কীভাবে ভারত ইসরায়েলি প্রতিরক্ষা খাতের সাথে একটি ঘনিষ্ঠ ও লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থনকারী হয়ে ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে।
এদিকে, ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্তকারীরা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ভারত থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও উপাদানের ২ হাজার ৫৯৬টি চালান বিশ্লেষণ করেছেন।
গাজায় ইসরায়েলের ব্যাপক আক্রমণ শুরুর দিনটির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/এসআর