×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দেওয়া অসম্ভব: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম

হরমুজ প্রণালিতে ইরানের পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দেওয়া অসম্ভব: নেতানিয়াহু

ফাইল ছবি

বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের সম্ভাব্য পদক্ষেপ আগে থেকে সঠিকভাবে অনুমান করা অসম্ভব ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

নেতানিয়াহু বলেন, আমি জানতাম তারা এমনটি করতে পারে, তবে আমার ধারণা ছিল পদক্ষেপ নেওয়ার পরিণতি কী হতে পারে—তারা সেটাও বিবেচনায় রাখবে। কিন্তু সেটির সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া কারো পক্ষেই সম্ভব ছিল না। বর্তমানে সমগ্র বিশ্বই বুঝতে পারছে যে ইরান বিশ্বশান্তির জন্য কতটা বড় হুমকি।

হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত করার চেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের বিকল্প পথ বা পাইপলাইন তৈরি হলে কৌশলগতভাবে এই নৌপথটির ক্ষমতা ও প্রভাব অনেক কমে যাবে। 

তিনি আরও যোগ করেন, আমার মনে হয় না এই প্রণালিটি দীর্ঘমেয়াদে এত শক্তিশালী হাতিয়ার হয়ে থাকবে। কারণ মানুষ ইতোমধ্যে তেল ও গ্যাসের পাইপলাইন স্থানান্তরিত করে লোহিত সাগরে এবং সেখান থেকে ইসরায়েল হয়ে ভূমধ্যসাগরে নিয়ে যাবে। এই কৃত্রিম অবরোধ ও প্রতিরোধ আমরা ভেঙে দিতে পারি এবং আমরা তা অবশ্যই করে দেখাব।

/এএ 

Logo