আর্জেন্টিনার তীব্র তুষারপাত
চাপা পড়েছে ডজনখানেক যানবাহন, আটকে শতাধিক পর্যটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
উত্তর-পশ্চিম আর্জেন্টিনার আন্দিজ পর্বতমালা সংলগ্ন কাতামার্কা অঞ্চলে মারাত্মক তুষারঝড়ের কবলে পড়েছে জনপ্রিয় এক পর্যটন কেন্দ্র।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৪ হাজার মিটার উচ্চতায় অবস্থিত এলাকাটিতে টানা কয়েকদিনের ভারি তুষারপাতে ডজনখানেক যানবাহন পুরোপুরি তুষারের নিচে চাপা পড়েছে এবং আটকা পড়েছেন শতাধিক পর্যটক।
সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বরফের নিচে গাড়িগুলো প্রায় পুরোপুরি ঢেকে গেছে। তবে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যানবাহনের ভেতরে থাকা যাত্রীরা কোনোমতে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।
উচ্চ পার্বত্য এলাকায় প্রচণ্ড ঠাণ্ডা ও তীব্র তুষারঝড়ের কারণে উদ্ধারকারী দলগুলোর উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া) আক্রান্ত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিন ধরেই পুরো অঞ্চলজুড়ে চরম আবহাওয়া বিরাজ করছে, যা উদ্ধার তৎপরতায় অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে।
/এএ