রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে অন্তত ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব হামলা রাজধানী কিয়েভ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। খবর রয়টার্সের।
হামলার সময় ইউক্রেনের বেশিরভাগ এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। এদিকে, কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে।
এদিকে, জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ শিশুও রয়েছে। পোলতাভা অঞ্চলেও একজন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পরই এই হামলা চালানো হয় বলে জানা যায়। সফরে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
তবে, এর আগে জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, বড় ধরনের রুশ হামলার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ইউক্রেনের মানুষের নিরাপত্তা নির্ভর করছে মিত্র দেশগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে কতটা প্রস্তুত তার ওপর।
/এএন