×
Logo

আন্তর্জাতিক

সৌদির তেল স্থাপনায় ইরাকের হামলার তীব্র নিন্দা জানাল আরব আমিরাত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম

সৌদির তেল স্থাপনায় ইরাকের হামলার তীব্র নিন্দা জানাল আরব আমিরাত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান স্পষ্ট করা হয়। 

ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে চালানো এই হামলা সৌদি আরবের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি স্বরূপ। তবে বিবৃতিতে হামলার সুনির্দিষ্ট সময় কিংবা কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি। 

এর আগে গত মঙ্গলবার সৌদি আরব তাদের তেল স্থাপনায় ড্রোন হামলার কথা নিশ্চিত করেছিল। ওই হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালায় সৌদি সামরিক বাহিনী। 

ইরাকের রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, তাদের ঘাঁটিতে চালানো যৌথ হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

/এএ 

Logo