সৌদির তেলবাহী জাহাজে ড্রোন হামলার দাবি ইয়েমেনের হুথিদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু শহরের দিকে যাওয়া ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
সোমবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, সৌদির পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দর যুক্তকারী তেলের মূল পাইপলাইন এবং তেলের একাধিক 'সংবেদনশীল' লক্ষ্যবস্তুতে বেশ কিছু ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের পাল্টা জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলায় কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
/এএ