লোকসভায় উত্থাপিত প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল, বিরোধীদের হট্টগোলে মুলতবি অধিবেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং লোকসভায় উত্থাপন করেন পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল-২০২৬। ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) আইন সংশোধন করে পরীক্ষা ব্যবস্থাকে নিরাপদ করে তোলাই এই বিলের লক্ষ্য বলে সরকারি দল দাবি করছে।
বিলটি যখন উত্থাপন করা হয়, তখনই বিরোধী দলের সংসদ সদস্যরা স্লোগান আর হট্টগোল করতে থাকেন। লোকসভার স্পিকার ওম বিড়লা সদস্যদের হট্টগোল না করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, বিলটি নিয়ে বিতর্কে সব দলকেই পর্যাপ্ত সময় দেওয়া হবে।
স্পিকার সদস্যদের জানান, যারা বিলে সংশোধনী চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের প্রস্তাব জমা দিতে পারবেন। তিনি আরও বলেন, একাধিক দল আগেই এই বিষয়টি উত্থাপন করেছে এবং সংসদের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে গঠনমূলক আলোচনা ও সংস্কার নিশ্চিত করা।
স্পিকারের বারবার আবেদন সত্ত্বেও হট্টগোল থামেনি। ফলে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। পরে আবারও অধিবেশন বসলে তখনও হট্টগোল চলতেই থাকে। পরে স্পিকার বিকাল ৫টা পর্যন্ত আবারও অধিবেশন মুলতবি করেন।
/এমএমএইচ