×
Logo

আন্তর্জাতিক

বিহারে বিক্ষোভে শিক্ষার্থীদের দিকে একে-৪৭ থেকে গুলি ছোড়া পুলিশ সদস্য বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

বিহারে বিক্ষোভে শিক্ষার্থীদের দিকে একে-৪৭ থেকে গুলি ছোড়া পুলিশ সদস্য বরখাস্ত

ভারতের জাতীয় পর্যায়ের চাকরি পরীক্ষা নীটের প্রশ্নপত্রে অনিয়মের অভিযোগে ২৫ জুলাই অনুষ্ঠিত ‘বিহার বন্ধ’ কর্মসূচির সময় ছাত্র বিক্ষোভে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে বিহার পুলিশের এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। খবর ইন্ডিয়া টুডের।

গুলি চালানোর ভিডিও ভাইরাল হলে তাতে দেখা যায়, নীল হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত কনস্টেবল অভিষেক পাটেল বিক্ষোভকারীদের দিকে দৌড়ে গিয়ে একে-৪৭ থেকে অন্তত একটি গুলি ছোড়েন। তবে সূত্রের দাবি, মোট চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল, যদিও ভিডিওতে একটি গুলির দৃশ্যই ধরা পড়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, গুলি ছোড়ার পর ওই কনস্টেবল সহকর্মীদের এগিয়ে আসার নির্দেশ দেন। এরপর একজন পুলিশ সদস্য মাটিতে পড়ে থাকা একটি বস্তু তুলে বিক্ষোভকারীদের দিকে ছুড়ে মারেন।

রাজ্যজুড়ে ছাত্র সংগঠনগুলোর ডাকা এই বন্ধ কর্মসূচিতে বিভিন্ন জেলায় ব্যাপক বিক্ষোভ হয়। অনেক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং নিরাপত্তা বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

এদিকে, সিওয়ানের পুলিশ সুপার জানিয়েছেন, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল অভিষেক প্যাটেলকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও শুরু হয়েছে। তবে, গণমাধ্যমে তিনজন আহত হওয়ার খবর প্রকাশিত হলেও পুলিশ সুপার দাবি করেন, পুলিশের গুলিতে কেউ আহত হননি। 

তিনি আরও জানান, কোন পরিস্থিতিতে ওই কনস্টেবল একে-৪৭ থেকে গুলি চালিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে, বিক্ষোভ চলাকালে কোনো অবস্থাতেই গুলি না চালানোর স্পষ্ট নির্দেশ ছিল।

/এএন

Logo