ভারত
'ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ'— বলেই সাবেক শিক্ষামন্ত্রীকে সংসদে অভ্যর্থনা বিজেপির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম
দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার পর প্রথমবার পার্লামেন্টে এসেই রীতিমতো উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সোমবার (২৭ জুলাই) সংসদ চত্বরে গাড়ি থেকে নামার পর সংবাদমাধ্যমকে অভিবাদন জানান প্রধান। এরপরই দেখা যায় এক ভিন্ন আবহ।
তিনি এগিয়ে যেতে থাকলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বেশ কয়েকজন সংসদ সদস্য ধর্মেন্দ্রকে ঘিরে ধরেন। এসময় তারা সমস্বরে 'ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ' বলে স্লোগান দেন।
মূলত নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশটিতে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলেন। পদত্যাগের ব্যাপক দাবির মুখে প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে সরেও দাঁড়ান প্রধান। এমন ঘটনার ঠিক দুই দিন পর দেশের পার্লামেন্ট চত্বরে নিজ সহকর্মীদের থেকে এমন অভ্যর্থনা পেলেন তিনি।
অবশ্য পদত্যাগ করার পর দলের শীর্ষ নেতারা সম্মিলিতভাবে প্রধান এবং শিক্ষামন্ত্রী হিসেবে তার সময়কালের প্রশংসাও করেছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তার প্রচেষ্টা ভারতের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং দেশের সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরতে সাহায্য করেছে।
দলের সভাপতি নিতিন নবীনও এই সুরে সুর মিলিয়ে বলেছেন, প্রধানের পদত্যাগের সিদ্ধান্ত জনজীবনে জবাবদিহিতা ও নিষ্ঠার মূল্যবোধকে তুলে ধরেছে।
একইভাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধানকে কৃতিত্ব দিয়েছেন।
/এমএইচআর