ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ এএম
ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে প্রযুক্তি উদ্যোক্তা নন্দন নিলেকানির নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, আমাদের পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। এতে আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকা জরুরি। বিষয়টি বিবেচনায় রেখে, আমরা বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। যারা পরীক্ষা-সংক্রান্ত সংস্কারের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, তারা এখন কারাগারে রয়েছে। এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। এছাড়াও সংসদে কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.@NandanNilekani pic.twitter.com/mMpmPdIEL5
— Narendra Modi (@narendramodi) July 26, 2026
মূলত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই কেন্দ্রীয় সরকার এমন উদ্যোগের ঘোষণা এসেছে।
এদিকে, প্রশ্নফাঁস ও সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পাবলিক এক্সামিনেশনস অ্যাক্টের সংশোধনীর প্রস্তাবও দিয়েছে সরকার। সংশোধনীতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত, দ্রুত বিচার এবং প্রশ্নফাঁস ও সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতির জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
আর বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্সটি প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যালোচনা করবে এবং সারাদেশে সরকারি পরীক্ষার আয়োজনকে আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও দক্ষ করে তুলতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে।
প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
/এসআইএন