পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে নতুন আবাসন ইউনিট নির্মাণের ঘোষণা ইসরায়েলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে অবস্থিত অবৈধ ইলি বসতিতে ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।
শুক্রবার (২৪ জুলাই) ইসরায়েলিদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনার পর ওই এলাকার কাছেই বসতিটি আরও সম্প্রসারণের এই পরিকল্পনা সামনে এলো।
তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনে অন্যতম আলোচিত প্রার্থী স্মোটরিচ, ইসরায়েলের 'চ্যানেল-১৪'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সরকার পশ্চিম তীরে নতুন বসতি, কৃষিভিত্তিক আউটপোস্ট এবং আবাসিক কমিউনিটি নির্মাণের কার্যক্রম অব্যাহত রাখবে।
স্মোটরিচ জানান, নতুন ৭৬৩টি ইউনিট নির্মাণ শেষ হলে আগামী কয়েক বছরে অবৈধ ইলি বসতির আকার প্রায় তিনগুণ হয়ে যাবে।
শুক্রবার (২৪ জুলাই) নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের কাছে সহিংস ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার জেরে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
এর আগে, চলতি মাসে স্মোটরিচ ঘোষণা দেন, অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের জন্য ১৩০ কোটি শেকেল (প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) বরাদ্দ অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
তিনি আরও দাবি করেন, ২০২২ সালের শেষ দিকে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি এবং ১৬০টি কৃষিভিত্তিক আউটপোস্ট অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে এসব বসতি সম্প্রসারণের বিরোধিতা করে আসছে।
/এআই