×
Logo

আন্তর্জাতিক

অস্ত্র সংকটের শঙ্কাতেই কি ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

অস্ত্র সংকটের শঙ্কাতেই কি ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র?

একেবারে নীরবেই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যাট্রিয়টসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে হামলা। আরেক গণমাধ্যম এক্সিওসের দাবি, কূটনৈতিক তৎপরতা জোরদারেই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ।

মূলত, অন্তর্বর্তী চুক্তি ভেঙে সপ্তাহ দুই আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর টানা ১৩ দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই সামাজিকমাধ্যমে হামলার বিবরণ দিতে দেখা যায় মার্কিন সেন্ট্রাল কমান্ডকে। তবে, মার্কিন সময় শুক্রবার তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি। হামলার খবর মেলেনি ইরানি কোনো গণমাধ্যমেও।

তবে কি কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করলো যুক্তরাষ্ট্র? দু'টি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অন্তত সেটাই বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস ও এক্সিওস দাবি করেছে, শুক্রবার সামরিক বাহিনীর পাঠানো হামলার পরিকল্পনায় সই করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই, প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে হামলা বন্ধ করতে হয় দেশটির সেন্ট্রাল কমান্ডকে।

নিউইয়র্ক টাইমস বলছে, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠকের পর ইরানে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দাবি, দেশটির প্যাট্রিয়ট ও থাডসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ইন্টারসেপ্টরের সংকটে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টারা। হামলা অব্যাহত থাকলে, মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে, এমন শঙ্কা জানান তারা। পাশাপাশি হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। যার জেরে নীরবেই পিছু হটেছেন ট্রাম্প।

বিভিন্ন গণমাধ্যমের খবর, যুদ্ধের আগে মার্কিন ভাণ্ডারে মজুদ ছিলো ২ হাজার ৩শ' প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। যার মধ্যে ১ হাজার ৪টির বেশি ইরান যুদ্ধে খরচ করে ফেলেছে ওয়াশিংটন। উল্লেখযোগ্য মজুদ ফুরিয়েছে থাড সিস্টেমের ইন্টারসেপ্টরেরও।

আরেক গণমাধ্যম এক্সিওস দাবি করেছে, চুক্তির জন্য কূটনৈতিক আলোচনা আরও জোরদারেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দু'দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, সময়ের সাথে আলোচনায় আরও আগ্রহী হয়ে উঠছে ইরান। তবে, কতদিনের জন্য এই হামলা বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে আবারও যেকোনো সময় পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী।

/এমএইচআর

Logo