×
Logo

আন্তর্জাতিক

অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক শাসনের প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এ সময় বিক্ষোভ থেকে অন্তত নয়জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।

শনিবার (২৬ জুলাই) তেলআবিবের কাপলান স্ট্রিটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

পুলিশের দাবি, বিক্ষোভের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। একপর্যায়ে বিক্ষোভকারীরা জনশৃঙ্খলা ব্যাহত করেন এবং সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এরপর নয়জনকে আটক করা হয়।

সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা বেড়ে যাওয়ায় দেশটির ভেতরেও এ নিয়ে সমালোচনা জোরালো হচ্ছে। বিক্ষোভকারীরা এসব হামলা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘদিনের সামরিক শাসনের অবসানের দাবি জানান।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত এক হাজার ১শ' ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২৫০ জন শিশু রয়েছে।

এ সময়ে আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৬শ' ৫২ জন ফিলিস্তিনি। পাশাপাশি ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত, ইসরায়েলের বিভিন্ন কারাগারে ৯ হাজার ২৯৯ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ২৪৪ জনকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটক আইনে বন্দি রাখা হয়েছে।

এছাড়াও, অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতার ঘটনায় জবাবদিহির অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অভিযোগ, ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে খুব কম ক্ষেত্রেই বিচারিক ব্যবস্থা নেওয়া হয়। একইভাবে, অভিযুক্ত ইসরায়েলি সেনাদেরও খুব কমই দোষী সাব্যস্ত করা হয়।

/এআই 

Logo