×
Logo

আন্তর্জাতিক

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সৌদি আরবের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সৌদি আরবের

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর (হুতি) বিদ্রোহীদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লোহিত সাগর উপকূলবর্তী দুটি প্রদেশে সম্ভাব্য ঝুঁকির সতর্কতা জারি করেছে সৌদি আরব। 

শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় ভোরে, ইয়ানবু ও জাজান প্রদেশে এই সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়।

সতর্কতা জারির সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সৌদি সিভিল ডিফেন্স জানায়, ‘সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে।’ তবে কী ধরনের হুমকি ছিল বা এর উৎস কী—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।

লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়ানবু সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী। এখান থেকে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল রফতানির সক্ষমতা রয়েছে। অন্যদিকে, ইয়েমেন সীমান্তের কাছাকাছি জাজান প্রদেশে রয়েছে দেশটির একটি বড় তেল শোধনাগার।

এদিকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অগ্নি শনাক্তকরণ স্যাটেলাইট ব্যবস্থার ছবিতে শনিবার ভোরে জাজানের তেল শোধনাগারের পূর্বদিকে আগুনের উপস্থিতি দেখা গেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে শনিবার হুতিরা জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী দিনের পরবর্তী সময়ে ‘ব্যাপক ও বিশেষ ধরনের সামরিক অভিযান’ সম্পর্কে ঘোষণা দেবে।

এর আগে, শুক্রবার (২৪ জুলাই) লোহিত সাগরে একটি সৌদি জাহাজে হামলার জেরে ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় হুতি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি আরব।

এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ড জানায়, এই হামলা ছিল ‘সমানুপাতিক সামরিক জবাব’। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, হুতি বিদ্রোহীরা যদি তাদের বৈরী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে কোনো ধরনের শিথিলতা ছাড়াই তার জবাব দেওয়া হবে।

অন্যদিকে, সৌদি হামলাকে ‘উত্তেজনার বিপজ্জনক বৃদ্ধি’ হিসেবে আখ্যায়িত করেছে হুতিদের রাজনৈতিক ব্যুরো। তাদের দাবি, সামরিক ও রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে সৌদি আরব ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবিকার ওপর হামলা চালাচ্ছে।

/এআই 

Logo