×
Logo

আন্তর্জাতিক

ফ্রান্সে দাবানল, নিরাপদে নেওয়া হলো ২০ হাজারের বেশি মানুষকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম

ফ্রান্সে দাবানল, নিরাপদে নেওয়া হলো ২০ হাজারের বেশি মানুষকে

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সৃষ্ট ভয়াবহ দাবানলের কারণে আশপাশের শহর ও পর্যটন কেন্দ্রগুলো থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল বোর্দোর প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এই ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। 

আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

এদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) এই ভয়াবহ আগুন নেভাতে প্রায় ৮০০ অগ্নিনির্বাপণকর্মী ও সেনাসদস্যরা চেষ্টায় নামেন। স্থানীয়রা মনে করছেন, ঝোপ-ঝাড় পরিষ্কার করার কোনো যন্ত্র থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনটি সাউমোস গ্রাম থেকে শুরু হয়ে পরে লেগে-ক্যাপ-ফেরেটের দিকে ছড়িয়ে যায়। 

আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীরা বলেন, একটি পাইন বনের মধ্যে ৩৪০০ হেক্টর জুড়ে আগুনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় ফ্রান্স সরকারের পক্ষ থেকে তিনটি ফায়ারফাইটিং এয়ারক্রাফট কাজ করছে। 

এদিকে, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে অনেক সময় দাবানলের ঘটনা ঘটে। এর মধ্যেই মে থেকে ফ্রান্স তিনটি দাবদাহ পার করেছে। যার প্রভাব পড়েছে পরিবেশের ওপর।

লেজ-ক্যাপ-ফেরেটের মেয়র ফিলিপ ডি গনভিল বলেন, আবহাওয়া আমাদের অনুকূলে নেই। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ডিগ্রি ফারেনহাইট) উপরে থাকছে এবং বাতাসগুলোও জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে। 

এর আগে এই সপ্তাহে বোর্দো বিমানবন্দরের কাছে একটি অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে দুই অগ্নিনির্বাপণ কর্মী মারা যান। অগ্নিনির্বাপণ সংগঠনগুলো জানান আগুন নেভানোর সরঞ্জামের অভাবে তারা তাদের জীবন নিরাপত্তা নিয়ে আতঙ্কিত।

/এসআর 

Logo