ককরোচ ইস্যু
আন্দোলনের তোপে শিক্ষার্থীদের আশ্বাস মোদির, পাল্টা জবাব রাহুলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম
ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির আন্দোলনের তোপে প্রথম বার্তায় শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের এক্স-এ পোস্টের মাধ্যমে এ আশ্বাস দেন তিনি। তবে মোদির আশ্বাসের পাল্টা জবাব দিয়েছেন ভারতে বিরোধী শিবিরের নেতা রাহুল গান্ধী।
এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মোদি এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, আমাদের যুবসমাজ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর বিচারের জন্য সরকার ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের রেহাই দেওয়া হবে না।
এদিকে, মোদির আশ্বাসের কয়েক মিনিটের মধ্যেই পাল্টা জবাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি মোদির বিরুদ্ধে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলেন।
রাহুল গান্ধী এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, আমাদের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই করেছেন। মোদি আমাদের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ দখল ও ধ্বংসকে প্রশ্রয় দিয়েছেন এবং উৎসাহিত করেছেন আর এর জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে রক্ষাও করেছেন।
উল্লেখ্য, ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশটির শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যুব নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার আন্দোলনটি ব্যাপকভাবে গতি লাভ করে। আন্দোলনকারীদের পুলিশের নৃশংস নির্যাতনের চিত্রও উঠে আসে নানান গণমাধ্যমে।