ইরান যুদ্ধে ব্যয়ে ৯৫ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের একক সমর্থনে ৯৫ বিলিয়ন ডলারের একটি বাজেট প্রস্তাব পাস হয়েছে। বুধবার (২২ জুলাই) ২১৬-২১৪ ভোটে পাস হওয়া এই প্রস্তাবের লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হোয়াইট হাউসের অন্যান্য অগ্রাধিকারমূলক কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা। খবর এপি নিউজের।
পরিকল্পনাটি নিয়ে হাউস রিপাবলিকানদের মধ্যেই মতবিরোধ থাকলেও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এই প্রক্রিয়া এগিয়ে নেন। তার মতে, বিভক্ত কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকারগুলো বাস্তবায়নের জন্য এককভাবে এগিয়ে যাওয়াই সবচেয়ে কার্যকর পথ।
প্রস্তাবিত অর্থের মধ্যে ৬০ বিলিয়ন ডলার পেন্টাগনের জন্য, ১৩ বিলিয়ন ডলার অন্যান্য জাতীয় নিরাপত্তা খাতের জন্য, ১০ বিলিয়ন ডলার ভোট আইন পরিবর্তনের জন্য, যা ট্রাম্পের সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট এবং নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত শর্তের সঙ্গে সম্পর্কিত। এছাড়া, ১২ বিলিয়ন ডলার ট্রাম্পের শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য।
হাউসে অনুমোদনের পর প্রস্তাবটি সিনেটে যাবে। সিনেটে অনুমোদন পেলে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা গ্রীষ্মের শেষ দিকে এ নিয়ে বিস্তারিত আইন প্রস্তাব তৈরি করতে পারবেন। এরপর সিনেটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটি পাস করানোর চেষ্টা করা হবে। এতে প্রচলিত ৬০ ভোটের বাধ্যবাধকতা এবং ডেমোক্র্যাটদের বিরোধিতা এড়িয়ে যাওয়া সম্ভব হবে।
আলাবামার রিপাবলিকান প্রতিনিধি ও সশস্ত্র বাহিনী কমিটির চেয়ারম্যান মাইক রজার্স বলেন, বর্তমান ঘটনাবলি সম্পর্কে আপনার মত যাই হোক না কেন, আমাদের যুদ্ধরত বাহিনী প্রস্তুত রাখতে, সেনাদের বেতন দিতে এবং দেশকে নিরাপদ রাখতে এই অর্থ প্রয়োজন।
তবে হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিস বলেন, রিপাবলিকানরা ট্রাম্পের যুদ্ধযন্ত্র চালু রাখতে ক্ষুধার্ত শিশু, প্রবীণ ও সাবেক সেনাদের মুখের খাবার কেড়ে নিয়েছে।
/এএন