×
Logo

আন্তর্জাতিক

রয়টার্স

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের তহবিল চাইলো পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের তহবিল চাইলো পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিয়ে চলা আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের ‘বিনিময় স্থিতিশীলতা সহায়তা তহবিল’ চেয়েছে পাকিস্তান। খবর, রয়টার্সের।

বুধবার (২২ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থাটি এ তথ্য জানায়। আবেদনটি অনুমোদন পেলে চরম অর্থসংকটে থাকা পাকিস্তানের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

মূলত, প্রকাশ্যে আসা এ অনুরোধটি করা হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আলোচনায় পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতার ভূমিকা পালনের ঠিক পরপরই। এই কূটনৈতিক তৎপরতা পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং ওয়াশিংটনসহ অন্যান্য দেশের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের সম্ভাবনাও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কাছে পাঠানো চিঠিতে ইসলামাবাদ পাঁচ বছর মেয়াদি ১০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক স্থিতিশীলতা সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে।

পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তসাপেক্ষ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই নতুন তহবিল পাওয়া গেলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রুপির ওপর চাপ কমবে এবং বহুপাক্ষিক ঋণের ওপর নির্ভরতাও অনেকাংশে কমে আসবে।

মার্কিন ট্রেজারি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ও রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি। তবে অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। বৈঠকে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনায় পাকিস্তানের অর্থনীতির ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। তবে বিবৃতিতে ১০ বিলিয়ন ডলারের অনুরোধের কথা উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং ক্রেডিট রেটিং উন্নয়নে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী। উভয়পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করা, মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং কৌশলগত প্রকল্প এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তান বর্তমানে আইএমএফের ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। এর ফলে দেশটিকে কর বাড়ানো, সরকারি ব্যয় কমানোসহ নানা অপ্রিয় সংস্কার করতে হচ্ছে।

‘এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফ্যাসিলিটি’ মার্কিন ট্রেজারির একটি বিরল সহায়তা ব্যবস্থা, যা সাধারণত ডলার, মুদ্রা বিনিময় বা গ্যারান্টির মাধ্যমে দেশের রিজার্ভ রক্ষা ও মুদ্রার মান স্থিতিশীল রাখতে সাহায্য করে।

এর আগে, মেক্সিকোর সঙ্গে দীর্ঘদিনের সোয়াপ লাইন ছাড়া ২০০২ সালে উরুগুয়ে এবং সাম্প্রতিককালে আর্জেন্টিনা এ ধরনের সহায়তা পেয়েছে।

/এমএইচআর

Logo