×
Logo

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধে যাওয়ার পদক্ষেপ সঠিক ছিল: মাইক পেন্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধে যাওয়ার পদক্ষেপ সঠিক ছিল: মাইক পেন্স

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপ সঠিক ছিল।

সিএনএনের 'দ্য সিচুয়েশন রুম' অনুষ্ঠানে উপস্থাপক উলফ ব্লিটজারের সঙ্গে আলাপকালে পেন্স বলেন, 'আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।'

তবে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি প্রতিষ্ঠার যে আগ্রহ দেখিয়েছেন, তা তিনি বুঝতে পারেন। কিন্তু তার মতে, ইরান শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে কিংবা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে আন্তরিকভাবে আগ্রহী নয়।

পেন্সের এ মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ অব্যাহত রয়েছে।

একই সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে ইরান আলোচনায় আন্তরিক নয় বলে জানিয়েছেন। 

রুবিও বলেন, ওয়াশিংটন মতপার্থক্য কমাতে আলোচনা করতে এবং সমাধান খুঁজতে চায়। কিন্তু সমস্যা হলো, ইরান আলোচনায় আন্তরিক নয়।

তিনি বলেন, তারা যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক। কিন্তু তারা যদি না হয়, তাহলে আমাদের এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় যা প্রয়োজন তাই করবো। 

তবে, বারবার আলোচনার টেবিলে বসে ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রশাসনের দ্বৈত ব্যবহার নিয়ে মুখ খুলেননি রুবিও।  

/এআই 

Logo