ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া প্রথম ইউরোপীয় দেশ হলো ফ্রান্স। খবর বিবিসির।
মঙ্গলবার (২১ জুলাই) ফ্রান্সের সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি আইনটি অনুমোদন করে।
নতুন আইনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হলে ফ্রান্সের সবাইকে বয়স যাচাই করতে হবে। শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের ব্যবস্থা নিয়ে কাজ করছে।
দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের শেষ সময়ে এই আইন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে কেউ কেউ এই আইন কার্যকর করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারের দাবি, বয়স যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অনলাইন প্রযুক্তি কার্যকর ও নিরাপদ।
আইনটি দুই ধাপে কার্যকর হবে। সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ বছরের কম বয়সীরা নতুন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলতে পারবে না। নতুন সব অ্যাকাউন্টের ক্ষেত্রে বয়স যাচাই বাধ্যতামূলক হবে। এছাড়া, জানুয়ারি ২০২৭ থেকে এই নিয়ম সব বিদ্যমান অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে সবাইকে প্রমাণ করতে হবে যে তাদের বয়স ১৫ বছরের বেশি।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বয়স যাচাই প্রযুক্তি ব্যবহার করতে হবে। অস্ট্রেলিয়ার পর ফ্রান্স দ্বিতীয় দেশ হিসেবে এমন নিষেধাজ্ঞা চালু করল।
/এএন