ককরোচ আন্দোলনের তোপে ‘ত্রুটিহীন’ পরীক্ষা ব্যবস্থার নির্দেশনা মোদীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যুব-নেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলনের তোপে ‘ত্রুটিহীন’ পরীক্ষা ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (২১ জুলাই) ভারতের ক্যাবিনেট মন্ত্রীর বরাতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
চলতি বছরের মে মাসে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর এ বিষয়ে মোদির এটিই প্রথম মন্তব্য। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভই তাঁর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হন এবং কয়েকজন আত্মহত্যা করেন। এ ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার তরুণ-তরুণী সংসদ অভিমুখে মিছিল করেন।
দিল্লি পুলিশ জানায়, সোমবার মধ্য দিল্লিতে সংঘর্ষে ১১৮ জন নিরাপত্তা ও পুলিশ কর্মী এবং ৬০ জন বিক্ষোভকারীসহ প্রায় ১৮০ জন আহত হন। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা বলেন, এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবারের সংঘর্ষে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, মোদি তাঁর শাসক জোটের সাংসদদের বলেছেন পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়ার পর সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
/এসআর