×
Logo

আন্তর্জাতিক

ইরানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

ইরানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। এ বিষয়ে নির্দেশনা যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সামরিক বাহিনীর প্রতিটি নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানায় হরমুজ প্রণালিতে জাহাজ আক্রমণের সক্ষমতা ‘আরও হ্রাস করতে’ ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালানো হয়েছে। এদিকে, এর জবাবে ইরান হরমুজে দুটি তেল ট্যাংকার এবং বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক সরঞ্জামের ওপর হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়।

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ লড়ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, তাদের সর্বশেষ হামলায় ইরানের "সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা" লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত অব্যাহত রেখেছে।

/এসআর 

Logo