×
Logo

আন্তর্জাতিক

গায়ানায় ১৩৩ আরোহী নিয়ে ফেরিডুবি, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

গায়ানায় ১৩৩ আরোহী নিয়ে ফেরিডুবি, বহু প্রাণহানির শঙ্কা

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় ১৩৩ যাত্রী নিয়ে আটলান্টিক উপকূলে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশুসহ জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৬৭ জনকে। বাকি ৬৬ জন এখনও নিখোঁজ রয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে বহু প্রাণহানির।

নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

কর্তৃপক্ষের তথ্যমতে, শনিবার (১৮ জুলাই) রাতে ১১৬ যাত্রী ও ১৭ ক্রু নিয়ে দেশটির রাজধানী জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে রওনা হয় ফেরিটি। পথে তীর থেকে প্রায় ৭ মাইল দূরে উত্তর আটলান্টিক উপকূলে উল্টে যায় যানটি। এরপর ফেরিটি থেকে জরুরি বিপদসংকেত পাওয়ার পর উদ্ধারকাজে তৎপর হয় জরুরি বাহিনী।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফেরির ক্যাপ্টেন এবং বেশ কয়েকজন ক্রুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

/এএম

Logo